ঢাকা মহানগরীর দু’টি সিটি করপোরেশনের আওতায় ২৮৭টি ওএমএস বিক্রয়কেন্দ্রের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।
সোমবার খাদ্য অধিদফতরের অধীন ঢাকা রেশনিং-এর অংশ হিসেবে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়।
লটারির কার্যক্রম পরিচালনা করেন নিয়োগ কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। লটারিতে নির্বাচিতদের চূড়ান্তভাবে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দেয়া হবে।
এর আগে ২ হাজার ৯০৫টি ফরম বিক্রি করা হলেও জমা পড়ে ২ হাজার ৫৪২টি আবেদন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৭৫৬টি আবেদনকে বৈধ ঘোষণা করা হয়। সেখান থেকেই লটারির মাধ্যমে ২৮৭ জনকে ওএমএস ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে।



