নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক সম্মানী ভাতা চালু করেছে।
আজ মঙ্গলবার নাটোর জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। ইসলামবিরোধী ওই শক্তি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশে আর কোনোদিন যেন ইসলামবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ধর্মীয় নেতাদের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এই সম্মানী ভাতার পরিধি আগামীতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।



