পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন ড. মঈনুল ইসলাম

রোববার (১ ফেব্রুয়ারি) বাপশকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তার এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ড. এম মঈনুল ইসলাম
ড. এম মঈনুল ইসলাম |সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম।

রোববার (১ ফেব্রুয়ারি) বাপশকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তার এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

এতে বলা হয়, ড. এম মঈনুল ইসলামকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার আগে পৃথক এক অফিস আদেশের মাধ্যমে তাকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

ড. এম মঈনুল ইসলাম ১৯৯৫ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আইএনএসটি’র স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

পরে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অব নিউক্লিয়ার রিঅ্যাকটর এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তেজস্ক্রিয় বিকিরণ নিরাপত্তা, পরিবেশগত তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে।