দেশে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঝড়-বৃষ্টি হতে পারে।
আজ এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার অথবা ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এতে আরো বলা হয়েছে, এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আজ রোববার সকাল ৯টায় জারি করা এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। দুই বিভাগে ভারী বৃষ্টি ও এর ফলে জলাবদ্ধতা এবং বেশ কয়েকটি জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।



