ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজ আসন্ন। হজের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। হজের ক্ষেত্রে কেউ যদি বিন্দুমাত্র ব্যত্যয় ঘটান তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকার দ্বিধাবোধ করবে না। শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজের ক্ষেত্রেও যদি কেউ দায়িত্বে অবহেলা করে তাকে ছাড় দেয়া হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘ভালো অফিসার সাজা খুব সহজ। মন্ত্রী বা সচিবের হুকুম সাথেসাথে পালন করেই ভালো অফিসার সাজা সম্ভব। তবে এরূপ ভালো অফিসার সেজে অফিসের বা দেশের খুব একটা লাভ হয় না। এমন ভালো অফিসার সাজার কোনো মানে নেই। আল্লাহর সন্তুষ্টি ও বেতনটাকে হালাল করার জন্য আপনাকে-আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা যথাযথভাবে পালন করতে হবে। আমরা যদি সুন্দর ও সুষ্ঠুভাবে কাজ করতে পারি, দেশটাকে এগিয়ে নিতে পারি তাহলে দায়িত্ব পালন স্বার্থক হবে।’
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের সাথে সম্পর্ক তৈরি হবে কাজের মাধ্যমে। আপনারা যদি দেশ ও মন্ত্রণালয়ের জন্য ভালো কাজ করেন তাহলে খুশি হব। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা যদি এক পা অগ্রসর হন, আমি আপনাদের দিকে তিন পা এগিয়ে আসব।’
মন্ত্রী বলেন, ‘আপনাদের একজন হিসেবে আপনাদের ব্যক্তিগত কোনো অসুবিধা থাকলে সেটা সরাসরি আমাকে বলতে পারেন। আমরা পরামর্শ করে কাজ করব। আমি আপনাদেরকে কোনো কাজের আদেশ করলে সেটা যদি বিধিসঙ্গত না হয়, তাহলে সেটা আমাকে বলতে হবে, এটা আইনবিরোধী, আমি খুশি হব।’
এর আগে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।
এসময় ধর্মসচিব মো: কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।



