সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বর্তমান কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়। চারাগাছ নিখুঁতভাবে ট্র্যাকিং ও ডেটাভিত্তিক পর্যবেক্ষণের জন্য ‘ট্রি মনিটরিং অ্যাপ’ খুব দ্রুতই উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবিসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস



