প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট সরাসরি রিপোর্ট করার আহ্বান রইলো।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান।
এ সময় হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ অথবা ইমেইলে [email protected] রিপোর্ট করতে বলা হয়।
তিনি বলেন, ‘জাতীয় সাইবার সুরক্ষা অ্যাজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই পরে বিটিআরসি’র মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।’
জানা যায়, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধু যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়—সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।’
এদিকে সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।



