উপদেষ্টা সাখাওয়াত

জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধে সংশোধিত আইনে কঠোর বিধান রাখা হবে

জাপান থেকে পাওয়া দায়িত্বকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে উপদেষ্টা এ বছরের মধ্যে এএসপিএজি শ্রমমন্ত্রীদের আঞ্চলিক সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ ই মি সাইদা শিনিচির সাথে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ ই মি সাইদা শিনিচির সাথে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সাক্ষাৎ |বাসস

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করতে সংশোধিত আইনে কঠোর বিধান রাখা হবে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ ই মি সাইদা শিনিচির সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শ্রম আইন সংশোধনে আইএলও’র পরামর্শ ও ইউরোপীয় অ্যাকশন প্ল্যান অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিশুশ্রম বন্ধে আই এল ও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করা হয়েছে। পেশাগত নিরাপত্তার জন্য কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুমোদনের প্রক্রিয়া চলছে।

উপদেষ্টা বলেন, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর শ্রমমন্ত্রীদের সাথে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ এএসপিএজি দেশগুলোর নতুন সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব নিয়েছে।

জাপান থেকে পাওয়া দায়িত্বকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে উপদেষ্টা এ বছরের মধ্যে এএসপিএজি শ্রমমন্ত্রীদের আঞ্চলিক সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।

এছাড়া, রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জাপানের সহায়তা কামনা করা হয়।

জাহাজ ভাঙ্গা শিল্প ও আইএমও প্রার্থিতা বিষয়ে উপদেষ্টা জানান, হংকং কনভেনশন মেনে বেশ কিছু শিপইয়ার্ড গ্রিন সার্টিফিকেট পেয়েছে। অবশিষ্ট ইয়ার্ডগুলো আন্তর্জাতিক মানে নিয়ে আসতে সরকার সহায়তা করবে।

এছাড়া, ২০২৬-২৭ মেয়াদের জন্য আইএমও কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’তে বাংলাদেশের প্রার্থীতায় জাপানের সমর্থন কামনা করা হয়।

সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ, জাহাজ ভাঙা শিল্পের উন্নয়ন মাতারবাড়িতে ডকইয়ার্ড নির্মাণ, চট্টগ্রাম বন্দরে ন্যাশনাল পোর্ট স্ট্রাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় রাষ্ট্রদূত জানান, পারস্পরিক আস্থা ও জাপান সরকারের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে জাপান দূতাবাসের দুই সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস