আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এ সময় তিনি জানান, এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনটি ধাপে গার্মেন্টসকর্মীদের ছুটি দেয়া হবে।’
সোমবার (১১ মে) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
গত বছরের চেয়ে এবার এক কোটি যাত্রী বেশি এবং ঈদের সময় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস রয়েছে উল্লেখ করে রবিউল আলম জানান, এসব বিষয় বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া, এবার মহাসড়কে পরিস্থিতি নজরদারি ও নিয়ন্ত্রণে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
একইসাথে, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং অনিয়ম প্রতিরোধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়াসহ দেশের সব বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী।



