আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন |সংগৃহীত

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আজ সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন ঢাবি এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণী সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এর সাথে পাঠানো হলো।

উল্লেখ্য, ঢাবি এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকলে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয়।