মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে ডিএনসিসি

‘তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ঢাকা উত্তর সিটি করপোরেশন |সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের দেয়াল ধসে দু’জন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদফতর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (২৮ জুলাই) এ দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।’

মো: শফিকুল ইসলাম খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) কাঠামোর পরিবর্তে শুধু ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবশিষ্ট দেয়ালগুলো প্রয়োজনীয়ভাবে শক্তিশালী ও নিরাপদ করা হবে।

টিসিবির পণ্য সংগ্রহের সময় আহত ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, তাদের আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করা হবে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের একটি দেয়াল ধসে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং সাতজন আহত হন। বাসস