১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। এই কৃষক কার্ড কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আয়োজন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে টুকু বলেন, কৃষক কার্ড কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ।

পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন। বাসস