পরিসংখ্যান সচিব

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে নির্ভুল ডাটাবেজ তৈরি করতে হবে

‘প্রধানমন্ত্রী যখন দেশে ফেরেন, তখন এক সংবর্ধনায় তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’, তার সেই প্ল্যান হলো সমগ্র বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান্তরাল পর্যায়ে নিয়ে আসা।’

নয়া দিগন্ত অনলাইন
কথা বলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার
কথা বলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার |সংগৃহীত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো: ফিরোজ সরকার বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে একটি নির্ভুল তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরি করা অপরিহার্য।

তিনি বলেন, ‘ভুয়া বা মনগড়া তথ্য দিয়ে কোনো উন্নয়ন প্রকল্প সফল করা সম্ভব নয়।’

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আয়োজিত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৬’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো: মীর হোসেন এবং নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান সচিব মো: ফিরোজ সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী যখন দেশে ফেরেন, তখন এক সংবর্ধনায় তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’, তার সেই প্ল্যান হলো সমগ্র বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান্তরাল পর্যায়ে নিয়ে আসা।’

তিনি বলেন, ‘সমান্তরাল পর্যায়ে নিয়ে আসতে হলে সঠিক পরিকল্পনা গ্রহণ করা দরকার। আর সেই পরিকল্পনার জন্যই আমরা মাঠ পর্যায়ে এসেছি।’

সঠিক পরিসংখ্যানের গুরুত্ব বুঝিয়ে তিনি আরো বলেন, পরিসংখ্যান বিভাগের ডেটা হতে হবে শতভাগ সঠিক এবং তথ্যনির্ভর। এখানে কোনো ধরনের গোঁজামিল বা ভুয়া তথ্যের সুযোগ নেই।

জরিপের কাজে যুক্ত মাঠকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে সচিব বলেন, তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের ফাঁকি দেয়া চলবে না। কেউ বিদেশে নেই, অথচ লিখে দেয়া হলো সে অস্ট্রেলিয়া থাকে— এমন যেন না হয়। জরিপ চলাকালীন সময়ে তিনি নিজে ফোন করে মাঠপর্যায়ের কাজের খোঁজ নেবেন বলে জানান।

কর্মশালায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় অতিথিবৃন্দকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে সম্মাননা জানানো হয়। বাসস