একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা কোন রক্তপাত চাই না। রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন আমরা দিতে চাই। সুন্দরভাবে নির্বাচন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন |সংগৃহীত

সঙ্ঘাত এড়িয়ে একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে কমিশন চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা কোন রক্তপাত চাই না। রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন আমরা দিতে চাই। সুন্দরভাবে নির্বাচন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন।’

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আরো বলেন, ‘আমরা এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা শুরু করব। অংশীজনদের সাথে কথা বলব। সবাইকে একত্রিত করার চেষ্টা করব। যাতে আমরা সঙ্ঘাত এড়িয়ে একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন দিতে পারি।’

স্থানীয় সরকার নির্বাচন করা বিরাট চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, দেশে মোট চার হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদে গড়ে যদি চার বা পাঁচজন প্রার্থী হন তা হলে কত প্রার্থী হবে? তার পরে আমাদের উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন রয়েছে। এসব পর্যায়ের নির্বাচন আয়োজন করা বিশাল দায়িত্ব।

সিইসি বলেন, গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে হলে হয় না, তৃণমূলের গণতন্ত্র আরো বেশি গুরুত্বপূর্ণ। ইউপি সদস্যরা সরাসরি মানুষের সেবার সাথে জড়িত। গণতান্ত্রিক সরকারের সেবাগুলো স্থানীয় সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়।

তিনি আরো বলেন, যেহেতু জাতীয় নির্বাচন আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, আশা করি স্থানীয় সরকার নির্বাচনও সফলভাবে সম্পন্ন করতে পারব।

ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে উল্লেখ করে সিইসি বলেন, আমরা সবার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং ভোট কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে। বাসস