ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ওসমান হাদির জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয় ওই বার্তায়।
এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ বলেও উল্লেখ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তার লাশ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।



