জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের সই জাল করে ভুয়া নিয়োগপত্র প্রচারের ঘটনায় চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে তারা।
সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে আসা ওই ভুয়া অফিস আদেশে মো: রেদুয়ান আহম্মেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এতে দাবি করা হয়, জনবল সঙ্কট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে তাকে নিয়োগ দেয়া হয়েছে এবং ১১ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হবে।
গত ১০ আগস্টের ওই ভুয়া আদেশে বেতন স্কেল-২০১৫ অনুযায়ী আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতনক্রমের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে সোমবার (১৭ আগস্ট) প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেন, এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ তার শাখা থেকে জারি করা হয়নি।
তিনি বলেন, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।
চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি করা যাবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হয়।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন নেয়া হয়। নিয়োগের প্রতিটি পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, এসব নির্ধারিত প্রক্রিয়া থাকা সত্ত্বেও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ তৈরি করে প্রতারণা করছে।
চাকরি-সংক্রান্ত যেকোনো তথ্যের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র : ইউএনবি



