প্রফেসর মো: এনামুল হক ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব পদে যোগ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে শনিবার (২৭ জুন) দুপুরে প্রফেসর এনামুল প্রতিষ্ঠানটির সচিব পদে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সহকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রফেসর মো: এনামুল হককে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়। তিনি ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন সদস্য। শিক্ষাজীবন শেষে ১৯৯৯ সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগ দেন।
সচিব পদে দায়িত্ব পালনের আগে প্রফেসর মো: এনামুল হক ময়মনসিংহ বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। তিনি শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য ও ক্রীড়ানুরাগী একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের নবনিযুক্ত সচিব প্রফেসর মো: এনামুল হক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি চেষ্টা করব সততা এবং স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালন করতে। এক্ষেত্রে সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’ বাসস



