স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে

‘দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এ আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমান সেনা আইনেই (মিলিটারি অ্যাক্ট) বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
মোজাফফর হোসেন
মোজাফফর হোসেন |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে।

তিনি বলেন, তৎকালীন সময়ে এ হত্যার প্রধান বিচার সামরিক আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট ফাইন্ডিংস ছিল।

সোমবার (২০ জুলাই) বিকেলে বিজিবি সদরদফতর পিলখানায় আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এ আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমান সেনা আইনেই (মিলিটারি অ্যাক্ট) বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে এ বিচার প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, একই অপরাধে কোনো ব্যক্তিকে সিভিল ল’ ও মার্শাল ল’ দুই ভিন্ন আইনে আলাদাভাবে বিচার বা ট্রায়াল করার আইনি সুযোগ নেই। তাই সেনা আইনেই এ মামলার বিচার সম্পন্ন হবে। বাসস