চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নির্ধারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
মঙ্গলবার সকালে মহানগরী দক্ষিণের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে জানানো হয়, আগামীকাল বুধবার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেছেন, জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে বিএনপি সরকার গঠন করলেও জুলাইয়ের চেতনা বিএনপি সরকারের মাঝে দেখা যাচ্ছে না। বরং সরকার ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোনো পথেই হাঁটছে।
বৈঠকে বক্তরা আরো বলেন, জুলাইয়ের আকাঙ্খা দুঃখজনকভাবে উপেক্ষিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় বসার সাথে সাথে সিটি করপোরেশনসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়ে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা এমনকি মসজিদ কমিটিও সরকার দলীয় লোকজন দিয়ে দখল করে নিয়েছে। সর্বশেষ সরকার ইসলামী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দখলের পয়তারা করছে। সর্বত্র বৈষম্যের বেড়াজাল বুনছে। সরকার এজন্যই গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে পাশ কাটিয়ে গেছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না, কোনো আপস হবে না। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী বরাবরই আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি’র সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, মো: শামছুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, শেখ শরীফ উদ্দিন আহমেদ, ড. মোবারক হোসাইন, আবু ওয়াফী, আমিনুর রহমান, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো: শহিদুল ইসলাম, আবদুল হাই, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, হাফেজ রাশেদুল ইসলাম এমপি।



