কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকালে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
নিহত
নিহত |ইন্টারনেট

রাজধানীর কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকালে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই মোহাম্মদ পিন্টু জানান, আমার শ্বশুর কেরানীগঞ্জের হক ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন। ভোরের দিকে তার প্রতিষ্ঠানে ডিউটি করার জন্য যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে। পরে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমার শ্বশুরের নিজ বাসা দক্ষিণ পানগাও কেরানীগঞ্জে। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।