সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল বা এনইসি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে এক বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটির অন্য সদস্যরা হলেন—নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
বৈঠকে সম্পাদকরা মত দেন যে, দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল বিকাশ নিশ্চিত করতে এ ধরনের একটি সংগঠন সময়ের দাবি।
এ সময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের অংশগ্রহণে দ্রুত একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।



