জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সব সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বিশ্বাস করি, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এই মূলনীতিকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
মন্ত্রী আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপনের সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন। একইসাথে তারা পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যসহ অন্যান্য শহীদ সামরিক কর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস



