ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের একটি উন্নত সমাজ গঠন করতে হবে। ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ও সামগ্রিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নির্বাচিত সরকারের এ যাত্রায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়েই সরকারের এই উন্নয়ন যাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তনের সুফল পেতে শুরু করেছে।
পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত ত্যাগের মহিমা যেন আমরা সবসময় হৃদয়ে ধারণ করতে পারি এবং দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে আমাদের কাজ চালিয়ে যেতে পারি।
এ সময়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সকলের সহযোগিতা আহ্বান জানান।
এর আগে, প্রতিমন্ত্রী মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
সূত্র : বাসস



