স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কারাগারগুলোকে আমরা শুধু শাস্তির স্থান নয়, বরং সংশোধনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এমনভাবে সংশোধন করা হবে যাতে বন্দিরা কাজের মাধ্যমে উপার্জন করতে পারে, পরিবারকে সহায়তা করতে পারে এবং কারামুক্তির পর একজন দক্ষ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বন্দিদের খাবার নিয়ে কোনো অভিযোগ নেই। বরাদ্দ অনুযায়ী তারা পাচ্ছে কি না, সেটি দেখার বিষয়। পাশাপাশি তাদের খাদ্যতালিকায় আমিষ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। কারাগারে মাদকের অপব্যবহারসহ কোনো অনিয়ম হলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট রক্ষীদের শাস্তির ব্যবস্থা রয়েছে।’
পরিদর্শনকালে কারা অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন এবং কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি



