জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য।

নয়া দিগন্ত অনলাইন
স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার বিভাগ |বাসস

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘আমার চোখে জুলাই বিপ্লব’।

এতে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী এককভাবে অথবা সর্বোচ্চ তিনজনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)।

আইডিয়া জমা দেয়ার কাঠামো : ১ থেকে ২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি)। যাতে অন্তর্ভুক্ত থাকবে : আইডিয়ার শিরোনাম, বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা, আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা), প্রত্যাশিত প্রভাব, প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য।

নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ই-মেইলেও জমা দেয়া যাবে। জমা দেয়ার শেষ তারিখ ৮ জুলাই ২০২৫।

আইডিয়ার উদাহরণে বলা হয়েছে, দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান বা যেকোনো উদ্ভাবনী ধারণা।

বাস্তবায়নের প্রক্রিয়া : নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সাথে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বাসস