স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই

তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। এ ধরনের পরিষদ কেবল সংবিধান সংশোধনের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।

তিনি আরো উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে যদি এমন কোনো পরিষদ গঠন করতে হয়, তবে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।

স্পিকার ও ডেপুটি স্পিকার-সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা দু’জনই এখনো তাদের দলের প্রাথমিক সদস্যপদ বজায় রেখেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তাদের দল থেকে পদত্যাগ করেননি। তাই এখানে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য নয়।

তিনি আরো স্পষ্ট করেন, এই বিধান কেবল তখনই প্রযোজ্য হয়, যখন কোনো সদস্য তার দল থেকে পদত্যাগ করেন।

সূত্র : ইউএনবি