জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেয়ার পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে দলীয় সিনিয়র নেতাদের সাথে নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তারেক রহমান। জামাতে আরো অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আবদুস সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশী কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদের নামাজে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশননের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপিদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।
এ ছাড়া মুসল্লিদের জন্য অজুখানা, মেডিকেল টিমসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবার ব্যবস্থা রাখা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়।



