আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শকসহ মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে মঙ্গরবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি ছিল বুধবার। সার্বিক পরিস্থিতির কারণে ইসি বৈঠকটি এক দিন এগিয়ে এনে মঙ্গলবার সকালে করছে বলে ইসি থেকে জানানো হয়েছে।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বৈঠক এগিয়ে আনার বিষয়ে চিঠি সকল উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং আগামী ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, সকাল ১০টার পরিবর্তে ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ওই ব্রিফিং এ প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।



