কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নানের মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান হাওলাদার (৮৬) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। সেখানে ভর্তির পর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল মান্নান হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মরহুম হাসান আলি হাওলাদারের ছেলে। তিনি একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

কারারক্ষী মোহাম্মদ সুজন বলেন, রাতের দিকে আব্দুল মান্নান হাওলাদার কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে কারা হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।