সংসদে সংস্কৃতিমন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি জাতীয় পর্যায়ে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, দেশে বর্তমানে ৫০টি গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী |ফাইল ছবি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’-এর তফসিল (সংশোধিত-২০১৯) অনুযায়ী বর্তমানে দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।’

তিনি আরও জানান, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস