নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

পরে জব্দ পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

রোববার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় গত ১৮ জুলাই ২০২৬ শনিবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

তিনি আরো বলেন, এ ছাড়াও, গত ১৭ জুলাই ২০২৬ একই এলাকা থেকে আরো একটি অভিযান পরিচালনা করে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল।

পরে জব্দ পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।