প্রধান তথ্য কর্মকর্তা

ভোট উৎসবকে পূর্ণতা দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে

বিগত ১৫-১৬ বছরে দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ফলে ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ কমে গেছে। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান তথ্য কর্মকর্তা মো: নিজামূল কবীর
প্রধান তথ্য কর্মকর্তা মো: নিজামূল কবীর |বাসস

প্রধান তথ্য কর্মকর্তা মো: নিজামূল কবীর বলেছেন, ভোট উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে নিরলস কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।

আজ শনিবার সিলেট আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য কর্মকর্তা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ফলে ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ কমে গেছে। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।

তিনি আরো বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি জনগণের প্রত্যাশা, মতামত ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিহার করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।

প্রধান তথ্য কর্মকর্তা জানান, ভোট উৎসবকে পূর্ণতা দিতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে তথ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরসমূহ ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী ও উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার সেশন পরিচালনা করেন। এসময় তারা সরকারি আচরণবিধি মেনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। প্রশিক্ষণে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস