খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা হয়েছেন এবং ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন।

নিজস্ব প্রতিবেদক
খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী |ফাইল ছবি

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন তিনি। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নির্ধারিত কর্মসূচি স্থানে যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে উপস্থিত হয়ে তিনি খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সেখানেই আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেল দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে প্রধানমন্ত্রী তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর দিনাজপুর সার্কিট হাউজ চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনরুদ্ধার, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে দিনাজপুরের কাহারোল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মৃতপ্রায় নৌপথ পুনরুজ্জীবিত হবে এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।