এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে এ পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো: লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে চার হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।
হজ বুলেটিনে বলা হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানের পাশাপাশি আরো দু’টি এয়ারলাইনসের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
হজ বুলেটিন অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ছয়জন নারী। এসব হজযাত্রীদের ১৪ জন মক্কায় এবং সাতজন মদিনায় মারা গেছেন।
বুলেটিনে বলা হয়েছে, সৌদি মেডিক্যাল টিম গতকাল পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ২০ হাজার ২৮৮ জনকে সেবা দিয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেয়া হয়। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৭৩ হাজার ৯৩৫ জন।
মোট ৬৬০টি অ্যাজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান অ্যাজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী অ্যাজেন্সি।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে। বাসস



