সংসদে প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদ মোকাবেলায় সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে

‘সরকার পরিচালানায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মতভেদ থাকবে, বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সেই ঐক্য ধরে রাখতে হবে।’

সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদের বাজেট (দ্বিতীয়) অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় সংসদের বাজেট (দ্বিতীয়) অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি

ফ্যাসিবাদ ইস্যুতে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর যেন কোনোদিন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে।

তিনি বলেন, সরকার পরিচালানায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মতভেদ থাকবে, বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সেই ঐক্য ধরে রাখতে হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট (দ্বিতীয়) অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও অগ্রাধিকার থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায়। দুর্নীতির যে বিষয়টি আছে, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করে দেয়া হয়েছে। যার ফলে বিরোধীদলীয় নেতা উনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন এই সকল সমস্যাগুলোর একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। এই দুর্নীতিকে যেকোনোভাবেই হোক সেটি হাত বেঁধেই হোক, টুঁটি চেপেই হোক, যেকোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায়। আমরা বাহিনীকে এমনভাবে গড়ে তুলব যাতে তারা জনগণের সেবক হিসেবে কাজ করতে পারে।

দেশের সাধারণ মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ নাগরিক, কৃষক, শ্রমিক বা শিক্ষকদের অন্যতম প্রধান চাওয়া হলো একটি নিরাপদ পরিবেশ। প্রত্যেকটি মানুষ চায় দিনশেষে কাজ সেরে নিরাপদে বাড়ি ফিরতে এবং পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটাতে। জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সরকারের অন্যতম লক্ষ্য।