চীনের সাথে গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী রেশম খাতের পুরো মূল্য শৃঙ্খলাকে আধুনিক, উৎপাদনশীল, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম শিল্পে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ও চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘চীন ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে রেশম চাষ গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, রেশম বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্যের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ খাত। বিশেষ করে রাজশাহী ঐতিহাসিকভাবে ‘সিল্ক সিটি’ হিসেবে পরিচিত। এ খাত গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য তুঁত চাষ, রেশম পোকা ও গুটি উৎপাদন, রেশম সুতা তৈরি, বয়ন, পণ্য উন্নয়ন, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণসহ রেশমের পুরো মূল্য শৃঙ্খলাকে আধুনিক, উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা। এজন্য উচ্চ ফলনশীল তুঁতের জাত উদ্ভাবন, উন্নত রেশম পোকা, আধুনিক সুতা উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও মূল্য সংযোজনমূলক পণ্য উন্নয়নে চীনের সাথে সহযোগিতা আরো সম্প্রসারণ করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, গবেষক, কৃষক, উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে গবেষণার ফল মাঠপর্যায়ে প্রয়োগ এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রেশম শিল্পকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত রাজশাহী সিল্কের গুণগত মান, পণ্যের বৈচিত্র্য, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান আরো সুদৃঢ় করতে সরকার উদ্যোগ নেবে।
সম্মেলনে ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির ভাইস ডিন অধ্যাপক শু কিউজি বলেন, রেশম শিল্পের টেকসই উন্নয়নে শিক্ষা, গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা, প্রযুক্তি বিনিময় ও অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে এ খাতের উন্নয়ন আরো ত্বরান্বিত করা সম্ভব।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: তৌফিক আল মাহমুদ, চীন-বাংলাদেশ সিল্ক রিসার্চ সেন্টারের প্রধান সমন্বয়কারী অধ্যাপক নুসরাত জাহান নিপাসহ শিক্ষাবিদ, গবেষক, উদ্যোক্তা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস



