সব সংসদ সদস্যের নাম ও নির্বাচনী এলাকা সার্চ করে তাদের যাবতীয় ডাটা প্রাপ্তির সুবিধার্থে একটি ডাটাবেজ তৈরির লক্ষ্যে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীকে আহবায়ক এবং মীর আহমাদ বিন কাসেমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের লাইব্রেরী কমিটি। সংসদ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে।
সংসদ ভবনে আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বি এম আশরাফ উদ্দিন (নিজান), ডা: মো: হাবিবুর রহমান, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দাবলী (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থিরকৃত আকারে পাস, সুপারিশকৃত আকারে পাস, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবী প্রস্তাব, সাধারণ প্রস্তাব, ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট) সম্পর্কে সংসদ-সদস্যবৃন্দের অবহিত হওয়ার লক্ষ্যে সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে।
বৈঠকের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি পাঠ করেন। এরপর সভাপতির নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির ওপর একটি প্রেজেনটেশন উপস্থাপন করা হয়।
ইউএনডিপি’র প্রজেক্ট থেকে সংসদ-সদস্যদের জন্য কী ধরণের বাজেট বরাদ্দ রয়েছে, তা যাচাই বাছাই করার লক্ষ্যে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে আহবায়ক এবং আখতার হোসেনকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
এছাড়া, ‘প্র্যাকটিস অ্যান্ড প্রোসিডিউর অব পার্লামেন্ট, লোক সভা সেক্রেটারিয়েট মেট্রোপলিটন’ বইটি বাংলায় অনুবাদ করার বিষয়ে কমিটি সুপারিশ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



