বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে যে বক্তব্য দিয়েছেন, তার খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।
পুলিশ সদরদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মূলত বলতে চেয়েছেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, নির্যাতিত এবং অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরি হারানো পুলিশ সদস্যসহ অনেকেই রাজপথে ছিলেন। আইজিপি নিজেও সে সময় ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। ওই প্রেক্ষাপটেই তিনি মন্তব্যটি করেছিলেন বলে জানানো হয়।
বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সবাইকে আইজিপির পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানানো হয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাসস



