প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের নিন্দা অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

শনিবার (২০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো: হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

নয়া দিগন্ত অনলাইন

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। সংগঠনটি বলেছে, ‘এ ধরনের সহিংস ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।’

শনিবার (২০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো: হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকের জানার অধিকারকে সরাসরি আঘাত করে। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একইসাথে ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।’

‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স আশা প্রকাশ করছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষ তাদের অঙ্গীকার অটুট রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’ প্রেস বিজ্ঞপ্তি