বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছেন। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে এসব পরিবারকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়ার প্রস্তাব দেবেন।
আজ রোববার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধন’ অনুষ্ঠানে মির্জা ফখরুল এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘গুম হওয়া মুন্নার মা এখন খুব কষ্ট করে ছেলে-মেয়েদের নিয়ে জীবনযাপন করছেন। শুধু এই পরিবারই নয়, এমন অনেক পরিবার আছে, যারা অসীম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোর জন্য এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আজ আপনাদের সামনে বলছি, আমি ফিরে গিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখব। এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়া অত্যন্ত জরুরি। আজ আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় চাকরি করছি- এখানে আমাদের সচিবও আছেন। আমরা সবাই নিজেদের অবস্থান তৈরি করেছি। কিন্তু যারা এই সংগ্রামের জন্য হারিয়ে গেছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমরা করতে পারি। তাহলেই আমাদের সরকারের আসাটা সার্থক হবে।’
তিনি বলেন, ‘এই পুরো সংগ্রামের সময় যে সাহসী মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমি সবসময় তাদের স্মরণ করি। সেই সময়টা আমি জানি- কিভাবে একা এককভাবে লড়াই হয়েছে।’

এ সময় একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি বলেন, ‘একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে- এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমি চাই, সেখানে যেন সঠিক ইতিহাস তুলে ধরা হয়। আমাদের জাতির সেই ইতিহাস- যার জন্য আমরা আজ মুক্তভাবে কথা বলতে পারছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি- তা যেন সঠিকভাবে প্রতিফলিত হয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ভাষা আন্দোলন ছাড়া আমাদের অনেক সংগ্রাম, লড়াই ও যুদ্ধ হয়েছে। কিন্তু সেগুলো নিয়ে খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা তৈরি হয়নি। আমি আশা করি, এবারের যে সংগ্রাম ও লড়াই আমরা করছি, তা যেন সেই মানের হয়- যাতে আমরা গোটা পৃথিবীতে তা উপস্থাপন করতে পারি।’
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে বিদেশে পালিয়ে গেলেও তার এখনো কোনো অনুশোচনা নেই, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছেন এই ফ্যাসিস্ট মহিলা।


