২০২৭ সালের হজের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
গতকাল বুধবার (২২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাথমিক নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একইসাথে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন। অন্যথায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে নিজে ব্যবহারকারী তৈরি করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং হজ অফিস, আশকোনা থেকে নিবন্ধন করা যাবে। এছাড়া তালিকাভুক্ত যেকোনো হজ অ্যাজেন্সির মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ- হজ প্যাকেজ-১ ও সাশ্রয়ী হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজের পাশাপাশি অ্যাজেন্সিগুলো অতিরিক্ত তিনটি প্যাকেজ দিতে পারবে, যা হজ পোর্টালে প্রদর্শিত হবে।
প্রাথমিক নিবন্ধনের জন্য বৈধ প্রাক-নিবন্ধন সনদ এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট বাধ্যতামূলক। এছাড়া নিবন্ধনের সময় হজযাত্রীর প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।
সরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত হিসাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমে একই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট হজ অ্যাজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরাই কেবল হজে যেতে পারবেন। হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির গুরুতর অকার্যকারিতা, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, সক্রিয় ক্যান্সারের চিকিৎসাধীন রোগী, যক্ষ্মা ও হেমোরেজিক জ্বরের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি হজে যেতে পারবেন না। পাশাপাশি গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীদের ফিটনেস সনদ দেয়া হবে না।
নিবন্ধনের পর সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। একইসাথে সিভিল সার্জন বা নির্ধারিত চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।
এদিকে প্রাথমিক নিবন্ধনের আগে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজ-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে কল সেন্টারে যোগাযোগ করা যাবে।
সূত্র : ইউএনবি



