সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেস সচিব

খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম |ইন্টারনেট

অর্ন্তবর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরো কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শফিকুল আলম।

তিনি উল্লেখ করেন, অর্ন্তবর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

শফিকুল আলম বলেন, ২০২৫’র জুন মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি আট দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় দুই শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব বলেন, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) আজ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্যে দেখা যায়, ২০২৫’র জুন মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি আট দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের জুনে ছিল নয় দশমিক ৭২ শতাংশ। গত জুনে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণ কমে সাত দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৪’র জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি গত জুনে দাঁড়িয়েছে নয় দশমিক ৩৭ শতাংশ, যা গত মে মাসে ছিল নয় দশমিক ৪২ শতাংশ। ২০২৪’র জুনে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ছিল নয় দশমিক ১৯ শতাংশ।

সূত্র : বাসস