উপ-সচিব দেলোয়ার হোসেনকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে। বর্তমান পর্ষদের সমন্বয়হীনতা ও বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭(১) অনুযায়ী সংগঠনটির ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
এরূপ প্রেক্ষাপটে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এর প্রশাসক নিয়োগ করা হলো।
তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাবেন। বাসস



