পুলিশের অভিযানে ধরা পড়ল প্রায় দেড় লাখ মানুষ

এছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশী মদ, ৪২৩ বোতল দেশী মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত প্রায় তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয়েছে শতাধিক আগ্নেয়াস্ত্র, হাজার হাজার গুলি, বিপুল পরিমাণ মাদক এবং দেশীয় অস্ত্র, যা আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের ব্যাপকতা তুলে ধরেছে।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ. এইচ. এম. শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দুইটি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

এছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশী মদ, ৪২৩ বোতল দেশী মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। একইসাথে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।