শনিবারও খোলা সরকারি অফিস

ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয় |সংগৃহীত

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৪ মে) খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও (১৭ মে) এসব অফিস খোলা ছিল।

শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। তবে গত শনিবার সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

এর আগে, গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।

নির্বাহী আদেশে দু‘দিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।