দুর্বৃত্ত ও দখলদারদের কোনো দলীয় পরিচয় নেই : আইনমন্ত্রী

‘যে দুর্বৃত্ত জমি দখল করেছে, সে বিএনপিরও না, জামায়াতেরও না, জাতীয় পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যও না।’

অনলাইন প্রতিবেদক
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি’ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি’ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান |নয়া দিগন্ত

আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, দুর্বৃত্ত, লুটেরা ও অবৈধ দখলদারদের কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই।

তিনি বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরের জায়গা পুনরুদ্ধার করার জন্য আমি যেখানেই থাকি, যতটা সহযোগিতার প্রয়োজন, আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করব। কোনো দুর্বৃত্তের কাছে, কোনো লুটেরাদের কাছে, কোনো ভূমিদস্যুর কাছে, কোনো মাফিয়ার কাছে মন্দিরের জমি কখনো চিরস্থায়ীভাবে দখলে থাকবে না—সেই কথাটা আমি আপনাদেরকে দিতে পারি।’

শনিবার (২৫ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি’ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যে দুর্বৃত্ত জমি দখল করেছে, সে বিএনপিরও না, জামায়াতেরও না, জাতীয় পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যও না। যখন যে দল ক্ষমতায় আসবে, দুর্বৃত্তরা তার ঘাড়ে ভর করার চেষ্টা করবে। আমরা আমাদের ঘাড় থেকে সমস্ত দুর্বৃত্তদের ঝেড়ে ফেলার চেষ্টা করছি। সেই চেষ্টায় আপনাদেরকে সাথে পেতে চাই।’

সনাতন ধর্মাবলম্বীদের ‘সংখ্যালঘু’ হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করে তিনি বলেন, “আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশী, লাল-সবুজের পতাকাতলে আমাদের বাস। ‘সংখ্যালঘু’ শব্দটি বিভাজন তৈরি করে, আমরা সবাই নাগরিক। ১৮ কোটি মানুষের সমান অংশীদারিত্ব প্রতিষ্ঠা না হলে সুশাসন সম্ভব নয়।”

তিনি জোর দিয়ে বলেন, “সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।”

সাধারণ জনগণকে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণের সহযোগিতায় একটি ভয়হীন, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’