শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল
শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

রাজধানীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আল রশীদসহ শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে শরীয়তপুর এখনো পিছিয়ে রয়েছে। তাই সবার সহযোগিতা নিয়ে আধুনিক শরীয়তপুর গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কাঞ্চন, শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মজিবুর রহমানসহ শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দফতর সম্পাদকসহ নেতাকর্মীরা।