রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: মোশাররফ হোসেন ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল।
সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ১৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা চালান। এ সময় অনারারি মেডিক্যাল অফিসার ডা: মো: মোশাররফ হোসেন ও একজন ওয়ার্ড বয়কে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধরের ঘটনা ঘটে। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সেই চিকিৎসকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনা একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ।
ড্যাব নেতৃদ্বয় আরো বলেন যে, রোগীর মৃত্যু নি:সন্দেহে অত্যন্ত বেদনাদায়ক; তবে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকের ওপর হামলা চালানো কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তাঁরা আরো বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হবে। স্বাস্থসেবার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ড্যাব নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এনডিএফ : ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলায় অনুরূপ বিবৃতি দিয়েছেন। নেতৃদ্বয় দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনতে অনুরোধ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ১৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আইসিইউতে শয্যা না পাওয়া এবং পরে আশঙ্কাজনক অবস্থায় থাকা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। এ সময় চিকিৎসকের কক্ষে হামলার চেষ্টা, দরজায় আঘাত এবং অনারারি মেডিক্যাল অফিসার ডা: মো: মোশাররফ হোসেন ও একজন ওয়ার্ড বয়কে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধরের ঘটনা ঘটে।
নেতৃবৃন্দ মনে করে, একজন রোগীর মৃত্যু স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কোনো পরিস্থিতিতেই চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও হাসপাতালের সম্পদ ভাঙচুর গ্রহণযোগ্য নয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যেতে পারে; আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই।
ন্যাশনাল ডক্টরস ফোরাম হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একইসাথে দেশের সব হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ন্যাশনাল ডক্টরস ফোরাম।



