ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৮

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৪৮ জন রোগী।

শনিবার (৯ আগস্ট) সকাল থেকে পরের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে আজ (রোববার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি ৯৫ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের হার চট্টগ্রাম বিভাগে। আর এ জ্বরে ঢাকায় দুইজন এবং চট্টগ্রামে একজন মারা গেছেন।

নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৬৮ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৬ শতাংশ নারী।

এতে আরো জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২৪ হাজার ১৮৩ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।