শেষ হলো আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন

আয়োজকরা জানান, হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রসারিত হবে এই সম্মেলনের মাধ্যমে। সামনের দিনগুলো এই সম্মেলনে যেসব চিকিৎসক অংশ নিয়েছেন তারা আরো দক্ষতার সাথে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ভূমিকা রাখতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন |নয়া দিগন্ত

বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন। প্রথমদিন গত রোববার (২৯ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ মার্চ) রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী সম্মেলনে সভাপতিত্ব করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হার্ট ফেইলিউর বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী।

হৃদরোগ কৌশল নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো: এএফ খবিরউদ্দিন। সম্মেলনে বিশেষজ্ঞদের মধ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন সুইজারল্যান্ডের প্রফেসর রবার্ট মানকা, প্রফেসর ফ্র্যাঙ্ক রুশিজিকা। যুক্তরাজ্যের প্রফেসর থেরেসা এ ম্যাকডোনাফ এবং প্রফেসর স্টেফেন প্যাটিট এবং মালয়েশিয়ার প্রয়েসর ড. চি কক হান।

বিদেশী বিশেষজ্ঞরা হৃদরোগ চিকিৎসা, কার্ডিয়াক এমআরআই, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর ও ডিভাইস থেরাপি বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। বৈজ্ঞানিক সেশনে কার্ডিয়াক ইমেজিং, ডিভাইস থেরাপি, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

আয়োজকরা জানান, হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রসারিত হবে এই সম্মেলনের মাধ্যমে। সামনের দিনগুলো এই সম্মেলনে যেসব চিকিৎসক অংশ নিয়েছেন তারা আরো দক্ষতার সাথে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ভূমিকা রাখতে পারবেন। কারণ যারা বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন তারা নিজ নিজ দেশে হার্টের বিখ্যাত চিকিৎসক।

হার্ট ফেইলিউর সম্মেলনে বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যাসোসিয়েশনের (বিএইচএফএ) আত্ম প্রকাশ ঘটেছে। অধ্যাপক ডা. মো: আতাহার আলীকে প্রেসিডেন্ট, সহযোগী অধ্যাপক ডা. মো: ডিএমএম ফারুক ওসমানীকে জেনারেল সেক্রেটারি এবং ডা. এসএমই আল বাকারকে কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।